১৪ দলের নতুন মুখপাত্র আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ জুলাই ০৮, ০৯:২৬ পূর্বাহ্ন
বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনকে সত্য প্রমাণ করে অবশেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকেই কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। প্রসঙ্গত, ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়। এ জোটটির সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত অসুস্থতায় খুব একটা সক্রিয় নন। উল্লেখ্য, ২০০৪ সালের ২৫ নভেম্বর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এই জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন আবদুল জলিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দায়িত্ব পান প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। এর পর মুখপাত্রের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ নাসিমকে। বর্তমানে এই জোটে আওয়ামী লীগ ছাড়াও অন্যদলগুলো হলো- ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (একাংশ), জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework