লুঙ্গি পরা সেই প্রবীণকে আমন্ত্রণ জানাল স্টার সিনেপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ০৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সাদা শার্ট আর লুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখতে গিয়েছিলেন এক প্রবীণ ব্যক্তি। তিনি অভিযোগ করেন লুঙ্গি পরে যাওয়ার কারণে তার কাছে টিকিট বিক্রি করেননি টিকিট সেলার।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে প্রবীণ লোকটিকে বলতে শোনা যায়, ‘লুঙ্গি পরছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না। এখন সিনেমা না দেখেই চলে যাব। ’ ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে জানাতে চাই, আমরা গ্রাহকদের সঙ্গে কোনো কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। ’

বিবৃতিতে ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে আরো বলা হয়, “আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সঙ্গে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এ ছাড়াও, আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ”

এদিকে, নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটাও প্রচারণার কৌশল। বিতর্ক সৃষ্টি করে ‘পরাণ’ সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বাড়ানো ছাড়া আর কিছু না।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework