যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ মে ২৯, ১১:৫৪ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় যৌতুকের দাবিতে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। শনিবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার মহেষপুর ইউনিয়নের বেগমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। রোববার (২৯ মে) দুপরে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ওই নারীর নাম লুৎফা বেগম (২৫)। তিনি রায়পুরা উপজেলার মতিউর নগর এলাকার একরাম হোসেনের মেয়ে।

এ ঘটনায় অভিযোগ উঠেছে নিহতের স্বামী নুরুজ্জামান মিয়া (৩৩) এবং শাশুড়ি কালা বেগমের বিরুদ্ধে (৫০)। নুরুজ্জামান একই উপজেলার বেগমাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

নিহত গৃহবধূর স্বজনরা জানান, সাড়ে চার বছর আগে পারিবারিকভাবে নুরুজ্জামানের সাথে একই উপজেলার মতিউর নগর এলাকার লুৎফা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় সোফা, খাটসহ বিভিন্ন আসবাবপত্র দাবি করে নুরুজ্জামানের পরিবার। বিয়ের কিছুদিন পর এসব দেয়ার কথা থাকলেও তা দিতে পারেনি লুৎফার পরিবার।

এর জেরে শুক্রবার রাতে আট মাসের অন্তঃসত্ত্বা লুৎফা বেগমের সাথে যৌতুক নিয়ে তর্কে লিপ্ত হয় স্বামী নুরুজ্জামান এবং শাশুড়ি কালা বেগম। এক পর্যায়ে তারা দু’জনে লুৎফা বেগমকে মারধর করে। অন্তঃসত্ত্বা লুৎফার পেটে লাথি মারারও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। পরে রাত ১টার দিকে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় লুৎফার মরদেহ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। এ সময় শাশুড়ি পালিয়ে গেলেও স্বামী নুরুজ্জামানকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework