১৭-২৩ মে ‘লকডাউন’, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ১৬, ১২:৫৮ অপরাহ্ন
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধিনিষেধ তথা ‘লকডাউন’র প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এ বিধিনিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে বাস চলবে। দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় এ বিধিনিষেধ ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সময়ে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা ‘লকডাউন’ হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। সবশেষ তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এবারের ঈদে লঞ্চ-ট্রেন ও দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। কিন্তু মানুষ বাড়ি ফিরছেন ঝুঁকি নিয়ে। ফলে করোনা সংক্রমণেরও ঝুঁকি তৈরি হয়েছে। ঈদের পর সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় পুনরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework