সিএনজি ছাড়া বাড়লো সব গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ০৫, ১২:৪২ অপরাহ্ন

যানবাহনে ব্যবহৃত সিএনজি ছাড়া বাড়ালো সব ধরনের গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে সব ধরনের গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৫ জুন) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক।

জুন থেকে এ হিসাব কার্যকর হবে জানিয়ে আবু ফারুক বলেন, আবাসিকে এক চুলার বর্তমান দর ৯২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৯৯০ টাকা, দুই চুলা ৯৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০৮০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের বর্তমান দর ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি ঘনমিটার গ্যাসের পাইকারি দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে ২২.৭৮ শতাংশ বাড়িয়ে ১১.৯১ টাকা করা হয়েছে।

এদিকে বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহস্থালি ছাড়া সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র; ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র, ছোট বিদ্যুৎকেন্দ্র ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র; সার; শিল্প; চা বাগান; বাণিজ্যিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং সিএনজি স্টেশনের ক্ষেত্রে প্রতি ঘন মিটারে (মাসিক অনুমোদিত লোডের বিপরীতে) শূন্য দশমিক ১০ টাকা হারে ডিমান্ড চার্জ প্রযোজ্য হবে।

তবে বিদ্যুৎ গ্রাহক শ্রেণির আওতাধীন কোনো বিদ্যুৎকেন্দ্র এবং সার গ্রাহক শ্রেণির আওতাধীন কোনো সার কারখানা কোনো মাসে ১৫ দিন বা তার বেশি বন্ধ রাখা হলে ওই মাসে ডিমান্ড চার্জ প্রযোজ্য হবে না।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework