লিটারে ১৪ টাকা কমলো সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ অক্টোবর ০৩, ০১:০৫ অপরাহ্ন

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটারের দাম ১৭৮ টাকা ও ৫ লিটারের দাম ৮৮০ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডলারের মূল্যবৃদ্ধি বিষয়ে ও এলসি খোলার জটিলতা নিয়ে আলোচনা শেষে এবং ভোক্তাদের সুবিধার্থে ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানো হয়েছে।

এর আগে গেল ২৩ আগস্ট বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ এবং ৫ লিটারের বোতলের দাম ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: বাড়তে পারে ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির সুবিধা

এদিকে ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতি সুবিধা আরও ৩ মাস বাড়ানোর বিষয়ে ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুই দিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। সে সময়ে এ নির্দেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গেল ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।

অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এনবিআরের সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখা হতে পারে।

আরও পড়ুন: দুই মাসে ভোক্তার পকেট কেটে ১ হাজার ৭৯৩ কোটি টাকা লুট

তবে চলতি ২০২২-২৩ অর্থবছরের পুরো সময় ভ্যাট সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোজ্যতেল ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনবিআরের কর্মকর্তা বলেন, আমদানি ও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখতে এনবিআর নীতিগতভাবে সম্মত। তবে ডলার সংকট ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। সে ক্ষেত্রে আপাতত আরেক দফায় কয়েক মাসের জন্য ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হতে পারে।

এর আগে ২০ সেপ্টেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির সুবিধা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার অনুরোধে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেলের দাম কিছুটা কমলেও ডলারের দাম বৃদ্ধির (আগে ১ ডলার সমান ৮৬ টাকার স্থলে বর্তমানে ১ ডলার সমান ১০৫ টাকা) কারণে অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য আনুপাতিক হারে কমানো সম্ভব হচ্ছে না। তাই স্থানীয় বাজারে ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ ১ অক্টোবর থেকে বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework