বেফাকের নতুন চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ০৩, ০১:৪৪ অপরাহ্ন
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। ১৫ দিন পর নতুন চেয়ারম্যান পেলো বেফাক। নতুন চেয়ারম্যান হিসেবে যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম (প্রধান পরিচালক) ও গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বোর্ডের সদস্যরা লিখিতভাবে মতামত প্রদান করেন। বেফাকের কর্মকর্তা মাওলানা মুসলেহ উদ্দিন রাজু গণমাধ্যমকে এ তথ্য জানান। মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেন, মজলিসে আমেলার সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মজলিসে আমেলার বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। লিখিত মতামতে মাওলানা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট। মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট। বেফাকের সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেফাকের সদস্যরা লিখিত মতামত প্রদান করেন। বিকাল ৩টায় এ প্রতিবেদন লেখার সময় মতামত প্রদানের কার্যক্রমে বিরতি চলছে। পরবর্তীতে মহাসচিব পদের জন্য লিখিত মতামত পেশ করবেন বেফাকের সদস্যরা। উল্লেখ্য, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান মজলিসে দাওয়াতুল হক নামে একটি আধ্যাত্মিক সংগঠনের আমির।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework