বিবস্ত্র করে নারী নির্যাতন: গ্রেপ্তার আরো ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ অক্টোবর ০৭, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সোহাগ ও রাসেল। বুধবার (৭ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মামলার রিমান্ডে থাকা আসামিদের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার জানান, মামলার এজাহারে নাম না থাকলেও রিমান্ডে থাকা আসামিদের তথ্যের ভিত্তিতে নোয়াখালীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও মামলায় অন্তর্ভুক্তি করা হবে। মামলার অন‌্য আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত-বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইন ও ২০১২ সালের পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework