বাঁশখালীতে কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র পদের মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।  

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
 

মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করা মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, বাইরে সুষ্ঠু থাকলেও কেন্দ্র দখলে নিয়ে ভোট প্রদান করছে নৌকার প্রার্থীর অনুসারীরা। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সবগুলো কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও মেয়র পদে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আমার এজেন্টরা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।  

তিনি বলেন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সামনেই ভোট প্রদান করলেও নিরব ভূমিকা পালন করছে প্রশাসন।  প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসার আমাকে বলেছেন, ‘আচ্ছা ঠিক আছে, আর দিবে না। ’

এর আগে সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয় বাঁশখালী পৌরসভা নির্বাচনে।

মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework