পাহাড় কেটে বিক্রি করে কোটিপতি, জরিমানা নামেমাত্র

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ১৭, ০৬:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী তাদের জন্য এই জরিমানা করেন।

পাহাড় কাটায় অভিযুক্ত ওই দুই ব্যক্তি হলেন- নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার মো. বাহার উদ্দিন ও মো. সামশুদ্দীন বাদল। এলাকায় ‘পাহাড়খেকো' হিসেবে পরিচিত। 

এর আগে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় তারা পাহাড় কেটে বিক্রি করে দেন।  

স্থানীয়রা জানিয়েছেন, বাহার নিজেকে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচয় দেন। অন্যদিকে, সামশুদ্দীন বাদলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির আহমেদ  বলেন, ‘বাহার চন্দ্রনগর পাহাড়ে একটি খামারের দারোয়ান ছিল। পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি করে সে এখন কোটি কোটি টাকার মালিক বলে শুনেছি। সামশুদ্দীন বাদলও একইভাবে পাহাড় কেটে কোটিপতি হয়েছেন। তারা চন্দ্রনগর এলাকায় বিশাল পাহাড়ি এলাকা নিজেদের দখলে রেখেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পেয়ে তাদের নোটিশ দিয়ে আসি।’

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানিয়েছেন, পাহাড় কাটার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর দু'জনকে ছয় লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন হাটহাজারীর নন্দীরহাট এলাকায় কায়ছার এন্টারপ্রাইজ নামে একটি সাবান কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিদর্শক মনির আহমেদ জানিয়েছেন, পরিবেশ ছাড়পত্র না নিয়ে প্রতিষ্ঠানটি চুল্লি বসিয়ে কারখানার দ্বিতীয় ইউনিট চালু করায় তাদের জরিমানা করা হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework