চট্টগ্রামে ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মে ০৯, ১০:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৯ মে) দুপুরে নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে কারসাজির অভিযোগে একজন ডিলারকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কেনা দামে তেলগুলো বাজারে বিক্রি করে ভোক্তা অধিদফতর।

জানুয়ারিতে উৎপাদিত এসব জব্দ করা তেল রমজানের আগে কিনে সিরাজ সওদাগরের গুদামে সংরক্ষণ করা হয়। তেল মজুতের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সতর্কের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, সিরাজ সওদাগর রমজান মাসের আগে কেনা এসব তেল গুদামে রেখে দিয়েছিলেন। কিন্তু দোকানে তেল ছিল না। মোট এক হাজার ৫০ কার্টনে অন্তত ১৫ হাজার লিটার তেল তিনি গুদামে রেখেছিলেন। আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।

ঈদের আগে কেনা বোতলজাত প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা। কিন্তু তিনি সরকার নির্ধারিত ১৯৮ টাকায় বিক্রি করছেন। তবে তেল নিয়ে এমন কারসাজি সম্পর্কে ডিলার ভিন্ন যুক্তি দিলেও বাজার কমিটি বলছে, এটা সম্পূর্ণ অন্যায়।

এর আগে চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে বাড়তি দামে বিক্রির জন্য গোপন জায়গায় বোতলজাত সয়াবিন তেল মজুত করায় একটি দোকানকে রোববার ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিকারের অভিযানকালে, দোকানটির নিচে গোপন গোডাউনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত করে রাখার খবর পাওয়া যায়। দোকানের নিচের গোপন জায়গা থেকে এক একটি বোতলজাত সয়াবিন তেলের কার্টন বের করে আনা হয়। এসময় বাড়তি দামে বিক্রির জন্য মজুত রাখা ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বাজারে সংকট সৃষ্টি করে বোতলজাত সয়াবিন মজুত করা হয়েছিল। কর্ণফুলী মার্কেটের খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিন না থাকার খবর পাওয়ার পর এ অভিযান চালানো হয়। খাজা এন্টারপ্রাইজ নামে দোকানটি বেশি দামে বিক্রির জন্য বোতলজাত সয়াবিন মজুত করেছিল।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework