চট্টগ্রামে একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত আরও ২৫২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ এপ্রিল ১৮, ০৭:৩৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৫২ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৯ এবং শনাক্তের সংখ্যা ৪৬ হাজার ৯৩৪ জন। রোববার (১৮ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫২ জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৩৫ জন এবং উপজেলার ১৭ জন। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৮৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দু’জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ৪১ মামলায় মোট ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য এক হাজার মাস্কও বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework