কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি: বুধবার হরতালের ডাক একাংশের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ নভেম্বর ০৩, ০৭:২৯ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত দাবি করে বিক্ষোভ হয়েছে শহরে। কমিটি ঘোষণার পর সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের ফজল মার্কেট এলাকায় প্রধান সড়কের উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে মারুফ হোসাইন ও মইন উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাছাড়া ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিম। সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ফেসবুক পোস্টে জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের ঘোষিত এই কমিটি অবৈধ। এই কমিটি অবাঞ্চিত ঘোষণা করলাম। এর আগে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সাদ্দাম হোসাইনকে সভাপতি ও আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের ১৪ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক। এদিকে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework