আফগানিস্তান দল ঢাকায় আসছে ১২ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ০২, ১০:০৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন আফগানিস্তান ক্রিকেট দল। রশিদরা প্রথমে পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে সিলেটে।

বুধবার (২ জানুয়ারি) গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’

এদিকে আফগানিস্তান সিরিজ নিয়েও বিপাকে বিসিবি। বিপিএলে ডিসিশান রিভিউ সিস্টেম না থাকার সমালোচনার রেশ কাটতে না কাটতেই জানা গেল আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও থাকবে না ডিআরএস। সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

করোনার প্রকোপ না কমায় এ সিরিজেও দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ থাকছে না। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও আফগানদের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচগুলো চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

শুরুর আগেই সমালোচনা ছিল বিপিএল নিয়ে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নেই ডিআরএস। বিপিএলের পরই ব্যস্ততা শুরু জাতীয় দলের। সফরে আসছে আফগানিস্তান দল। সিরিজে দুটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডিআরএস বাধ্যতামূলক করেছে আইসিসি।

কিন্তু বিপিএলের মতো আসন্ন আন্তর্জাতিক সিরিজেও দেখা যাবে না সেই প্রযুক্তি। এ সম্পর্কে তানভীর আহমেদ টিটু বলেন, আফগানিস্তান সিরিজে ডিআরএস পাওয়া কঠিন ব্যাপার। এখনো কনফার্ম হয়নি, আমি যতটুকু জানি। যে দুটি প্রতিষ্ঠান ডিআরএস নিয়ে কাজ করে তারা আসতে পারছে না। বিপিএলেও কী কারণে আসেনি সেটি আপানারা জানেন। চেষ্টা চলছে তারপরও। আমরা চাই যাতে ক্রিকেট নিয়ে কোনো কমতি না থাকে। আমাদের চাওয়ার পরও ওদের পাচ্ছি না। কারণ ওদের ওপর আমরা নির্ভরশীল।

আফগানদের বিপক্ষে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগের অংশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টাইগাররা ৩-০'তে সিরিজ জিতলে ২০২৩ বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যাবে তামিম ইকবালরা। তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। মিরপুরের উইকেট অনেক সময় বুমেরাং হয়ে কথা বলে প্রতিপক্ষের হয়ে। তাই সতর্ক বিসিবি ওয়ানডে সিরিজটা আয়োজন করতে চায় চট্টগ্রামে। আর টি-টোয়েন্টি ম্যাচ দুটি হওয়ার কথা ঢাকায়।

যদিও এই সিরিজটাও হতে যাচ্ছে মাঠে কোনো দর্শক ছাড়া। করোনাকালে বাংলাদেশ দল সব সিরিজই খেলেছে দর্শকশূন্য গ্যালারিতে। ব্যতিক্রম ছিলো কেবল পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তবে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রণের দাপটে এখন দিশেহারা দেশ। তাই আফগান সিরিজেও গ্যালারিতে দেখা যাবে না কোনো দর্শক।

২০২০ এ করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়েছিলো বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ বছরের মে মাসে। তবে দু'বোর্ড সমঝোতায় এসে বাতিল করেছে তিন ওয়ানডের সেই সিরিজটি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework