অবশেষে সুখবর পেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ ডিসেম্বর ২০, ০৭:২৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে দীর্ঘ কোয়ারেন্টিনের পথ পাড়ি দিয়ে অবশেষে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। শেষ করোনাভাইরাস পরীক্ষায় কোচ রঙ্গনা হেরাথ ছাড়া দলের বাকি সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। ফলে সব শঙ্কা দূরে ঠেলে মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুশীলন শুরু করতে পারবে টাইগাররা। নিউজিল্যান্ড থেকে এই স্বস্তির খবর জানিয়েছেন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এর আগে একবার অনুশীলনের অনুমতি পেলেও বাংলাদেশের স্পিন কোচ হেরাথ করোনা আক্রান্ত হওয়ার পর আবারও কোয়ারেন্টিনে পাঠানো হয় বাংলাদেশের পুরো দলকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিল ক্রিকেটাররা। তবে সবাই সফলভাবে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন।

নিউজিল্যান্ড থেকে পাঠানো বার্তায় সুজন বলেন, 'রোববার (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।'

২১ ডিসেম্বর থেকে টাইগাররা জিমের পাশাপাশি মাঠে অনুশীলনেরও সুযোগ পাবে। সুজন আরও বলেন, 'কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।'

এর পাশাপাশি তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দল যেন ভালো করতে পারে তার জন্য দলের পাশে থাকতে বলেছেন। সুজন বলেন, 'দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।'


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework