হেলমেট না থাকায় জরিমানা, রেগে থানার বিদ্যুৎ কেটে দিলেন লাইনম্যান

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২৭, ০২:৪৭ অপরাহ্ন

মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে মোটা অংকের জরিমানা করেন পুলিশের এক সদস্য। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই কর্মী বকেয়া বিলের অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামলি থানায়।

বুধবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হেলমেট না পরার দায়ে আইন অনুযায়ী ২ হাজার রুপি জরিমানা করার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগের ওই কর্মীকে কেন ৬ হাজার রুপি জরিমানা করেছে পুলিশ সেটি পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ওই মোটরসাইকেল চালক একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠছেন। পরে শামলি থানার প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

থানায় হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে বিদ্যুৎবিভাগ দাবি করেছে। তবে এই বিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত বলতে গিয়ে লাইনম্যান মেহতাব বলেন, কাজ থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে হেলমেট না পরায় ট্রাফিক পুলিশের এক সদস্য তাকে থামান। তিনি পুলিশের কাছে দ্বিতীয়বার এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকারও করেছিলেন।

তখন কর্তব্যরত পুলিশ সদস্য তার কথা শোনেন এবং বলেন, বিদ্যুৎ বিভাগ যেকোনো পরিস্থিতিতেই দাম বাড়িয়ে জনগণকে লুট করছে। তিনি মেহতাবকে ৬ হাজার রুপি জরিমানা করেন। যদিও বিদ্যুৎ বিভাগের এই কর্মীর মাসিক বেতন মাত্র ৫ হাজার রুপি।

মেহতাবের দাবি, তাকে যখন জরিমানা করা হয়, সেই সময় আরও অনেকে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে চলে গেছেন।

/এনএএস


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework