শুভ জন্মদিন গিটার জাদুকর

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ১৬, ০১:৫২ অপরাহ্ন

তিনি বাংলা ব্যান্ড সংগীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। গিটারের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাদের। ভক্তের কাছে তিনি এক উন্মাদনার নাম। তিনি কিংবদন্তি আইয়ুব বাচ্চু।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামে ব্যান্ড দল গঠন করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে তিনি যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। ৮০ সাল পর্যন্ত এ দলের সঙ্গে কাজ করেন। এরপর ‘সোলস’ ব্যান্ডের প্রধান গিটারবাদক হিসেবে যোগ দেন আইয়ুব বাচ্চু।

‘সোলস’ ব্যান্ডের হয়ে চারটি অ্যালবামে কাজ করেছিলেন আইয়ুব বাচ্চু। ১৯৯১ সালে নিজের ব্যান্ড গঠন করেন তিনি। নাম দেন ‘লিটল রিভার ব্যান্ড’। পরে নাম পরিবর্তন করে এ দলের নাম রাখা হয় ‘লাভ রান্স ব্লাইন্ড’, সংক্ষেপে ‘এলআরবি’। মৃত্যুর আগ পর্যন্ত এ দলের সাথেই ছিলেন তিনি। 

২৭ বছর ‘এলআরবি’কে নিয়ে পথ চলেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ডকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। পাশাপাশি বাড়িয়েছেন নিজের জনপ্রিয়তা। আইয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম ‘রক্ত গোলাপ’। ১৯৮৬ সালে প্রকাশ হয় এটি। এরপর ১৯৮৮ সালে দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ প্রকাশ হয়। ১৯৯৫ সালে ‘কষ্ট’ অ্যালবামে প্রকাশ পর প্রচুর জনপ্রিয়তা লাভ করেন ‘এলআরবি’ আর আইয়ুব বাচ্চু। ২০০৭ সালে ‘সাউন্ড অব সাইলেন্স’ প্রকাশ করেছেন আইয়ুব বাচ্চু।

১৯৯১ সালের ৩১ জানুয়ারি ফেরদৌস চন্দনাকে বিয়ে করেন আইয়ুব বাচ্চু। তাদের দুই সন্তান ফাইরুজ সাফরা আইয়ুব ও আহনাফ তাজওয়ার আইয়ুব। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সারা দেশে। গিটার কাধে নিয়ে অসংখ্য যুবক এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে।

‘গিটার জাদুকর’ আজও আছেন তার ভক্তদের হৃদয়ে। থাকবেন বাংলা ব্যান্ড সংগীত যতদিন থাকবে। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামে প্রবর্তক মোড়ে গিটারের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ১৮ ফুট উচ্চতার ওই গিটারের নাম দেওয়া হয় ‘রূপালী গিটার।’ এ নামকরণ করা হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে।

গানের কথা মতোই ‘রূপালী গিটার’ ফেলে বহুদূরে চলে গেছেন আইয়ুব বাচ্চু। রেখেছেন তার সৃষ্টি, তার হাতে গড়া এলআরবি ব্যান্ড। আরও রেখে গেছেন তার ব্যবহৃত অনেকগুলো গিটার আর তার ‘এবি কিচেন’। আইয়ুব বাচ্চুর জন্মদিনে হাজারও ভক্তের মতো তাকে স্মরণ করছি আমরাও। শুভ জন্মদিন গিটার জাদুকর।

 

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework