লেডি গাগা থেকে প্রিয়াঙ্কা; একই তালিকায় বাঁধন

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ২৩, ০২:৫৪ অপরাহ্ন

চলতি বছর যেসব অভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। সেখানে এই অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে।

যেখানে স্থান পেয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।  

‘গেম চেঞ্জিং’-এ তারকাদের নাম ক্রমিক অনুসারে সাজানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কি না অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৮ জনের নাম তারা প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় রয়েছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগাসহ আরও অনেকে। আর বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনাদের মতো তারকারা।

এদের সঙ্গেই রয়েছেন বাঁধন। তার সস্পর্কে বলা হয়েছে, ‘বাঁধন একজন ডেনটিস্ট হওয়ার পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেকদিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ বছরটি তার (বাঁধন) অভিনীত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর একটি গেম চেঞ্জার চলচ্চিত্র। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কানে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিসিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেয়া হয়েছে। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের ভিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমায় অভিনয় করেছেন। ’

চলতি বছর ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারে জমা পড়েছিল। তবে ৯৪তম অস্কারের আসরের সংক্ষিপ্ত তালিকা থেক বাদ পড়েছেন সিনেমাটি।  

একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এগিয়েছে এই সিনেমার গল্প। যেখানে রেহানা একইসঙ্গে একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন।  

‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য ও সম্পাদনা করেন নির্মাতা সাদ নিজেই। এতে বাঁধন ছাড়া আরও অভিনয় করেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলমসহ অনেকে। চলতি বছরের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। সিনেমাটি ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework