নেত্রকোনার বলাইশিমুল মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার দাবি

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২২ জুলাই ০১, ০৪:১৫ অপরাহ্ন

নেত্রকোনা কেন্দুয়ার শতবর্ষ প্রাচীন বলাইশিমুল খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার দাবি জানিয়েছে বলাইশিমুল ইউনিয়নবাসী। তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন, শিশু বিকাশ রক্ষায় ওই আশ্রয়ণ প্রকল্প যেন অন্য কোথাও সরিয়ে নিয়ে করা হয়।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বালাইশিমুল ইউনিয়নবাসী ব্যানারে আয়োজিত 'শতবর্ষী প্রাচীন বালাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র স্থাপনের দাবিতে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।

বলাইশিমুল মাঠ রক্ষা আন্দোলনে সংহতি জানিয়ে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না বলেন, মাঠ আন্দোলন যৌক্তিক ও মানবিক আন্দোলন।

আগামী প্রজন্মের জন্য এই লড়াই, অন্য যেকোনো আন্দোলন থেকে কম নয়। আপনাদের এই দাবি যদি প্রধানমন্ত্রী শোনেন নিশ্চয় তিনি একটি পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, যারা বালাইশিমুল মাঠ দখল করে প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তারা পক্ষান্তরে প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করছে। দেশে উন্নয়ন প্রয়োজন কিন্তু প্রকৃত ধ্বংস করে না।

মানববন্ধনে সংহতি জানিয়ে বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, অত্যন্ত দুঃখ পাই যখন একটা মাঠ রক্ষার জন্য প্রধানমন্ত্রী লাগে। একটা নদী রক্ষায় প্রধানমন্ত্রী লাগে। একজন ব্যক্তির পক্ষে এক সঙ্গে সবদিক খেয়াল করা সম্ভব না। যারা মাঠ দখল করে প্রকল্প গ্রহণ করেছে তারা বালাইশিমুলবাসীকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, এই মাঠ আপনাদের মাঠ, মালিকানা আপনাদের। আপনারা এই মাঠ ছাড়বেন না। এইটা রুপক আন্দোলন, সারা দেশেই মাঠ রক্ষায় আমাদের আন্দোলন চালু থাকবে।

বালাইশিমুল গ্রামের বাসিন্দা মশিউর জামান টিটু বলেন, আমারা চাই সুন্দর জীবন, সুষ্ঠু জীবন। আমরা চাই আগামীর প্রজন্ম যেন সুন্দর ভাবে বেড়ে উঠে। কিন্তু এই মাঠ দখল হলে স্থানীয় শিশু কিশোররা তাদের সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ হারাবে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতে কথা চিন্তা করে প্রকল্প অন্যত্রে স্থানান্তর করা হোক।

মানববন্ধনে অন্যান্যরা বলেন, শত বছরের পুরনো ওই খেলার মাঠটি বলাইশিমুল গ্রামের ১ একর ৮৭ শতক সরকারি জায়গায় অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করেন। সম্প্রতি স্থানীয় প্রশাসন মাঠের দুই পাশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৩টি ঘর নির্মাণ করছে। তাই ওই জায়গার পরিবর্তে মাঠের উত্তর পাশে কিছুটা নিচু জমিতে ঘর নির্মাণের দাবি জানাচ্ছি।

এছাড়া আরও বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ, কণ্ঠশিল্পী বীথি ঘোষসহ এলাকার ছাত্র ও যুবকরা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework