৬ দিনের ছুটি শেষে অফিস খুলছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ মে ০৪, ০৯:০৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে বৃহস্পতিবার (৫ মে)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে বুধবার (৪ মে)।

মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে (রোববার) অফিস করতে হবে।

তাই ঢাকার বাইরে ঈদ করতে যাওয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।


করোনা মহামারির কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদুল ফিতর।

গত দু’বছর করোনা সংক্রমণ রোধে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতর গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে কাটাতে পারেননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার জন্য ঢাকায় আসা মানুষ।

এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে গেছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework