ব্যাংকে রেমিট্যান্স পাঠালে ডলারে মিলবে ১০৭ টাকা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০১, ০১:১৮ অপরাহ্ন

ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে ১০৭ টাকা পাবেন প্রবাসীরা। বর্তমানে যে দর ৯৯ টাকা ৫০ পয়সা। রেমিট্যান্সের জন্য কোনো চার্জ বা মাশুলও নেবে না ব্যাংকগুলো। একইসঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান বাস্তবতায় ব্যাংকগুলোকে নিজস্ব উৎস থেকে ডলার সংস্থান করেই এলসি খুলতে হবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের(এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের(বাফেদা) এক জরুরী বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্যে সোমবার হঠাৎ করেই এ বৈঠক ডাকা হয় বলে জানা গেছে।

বৈঠকে বেসরকারি ব্যাংকগুলোকে রিজার্ভ থেকে ডলার দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কেনায় ১০৭ টাকা দিলেও সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠালে রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলারে দেওয়া হচ্ছিল ৯৯ টাকা ৫০ পয়সা। এই অবস্থায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে অনেক প্রবাসী নিরুৎসাহিত হচ্ছিলেন। তাই উভয় ক্ষেত্রে ডলারের অভিন্ন দর দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রবাসী শ্র‌মিক‌সহ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও সেবিকাদের আয় ব্যাংকের মাধ্যমে পাঠালে সর্বোচ্চ ১০৭ টাকা দর দেওয়া হবে। পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউস নির্ভরতা কমিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আহরণে উৎসাহিত করতে দেশের বাইরে নিজস্ব এক্সচেঞ্জ হাউস বাড়াতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবারের বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে- নিজস্ব উৎস থেকে ডলার সংস্থান করেই কেবল এলসি খুলতে হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান বাস্তবতায় সামগ্রিকভাবে কোনো সহায়তা দেওয়া হবে না। কেবলমাত্র সরকারি জরুরি পণ্য আমদানিতে ডলার দেবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও কাজী ছাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অন্যদিকে, ব্যাংকগুলোর পক্ষে এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন, বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের (এমডি) আফজাল করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, সিটি ব্যাংকের (এমডি) মাসরুর আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework