এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় পিক আওয়ার পরিবর্তন হয়েছে। এর ফলে বিদ্যুৎ খরচ ১০টার পরিবর্তে সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ এ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিংয়ের ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গতকালই (মঙ্গলবার) সাশ্রয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট। আজ থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত।

এদিকে জ্বালানি সাশ্রয়ে বুধবার থেকে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। নতুন এ নিয়মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিনের ছুটি ও ব্যাংকিং সময়েও পরিবর্তন এনেছে সরকার।

আরও পড়ুন: নতুন নিয়মে অফিস শুরু

এর আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলতো সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গত সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে। ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাফতরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হলো। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework