হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিইউজের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১৮, ১০:৫২ পূর্বাহ্ন

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশে করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

আজ মঙ্গলবার ১৮ মে বেলা ১১টা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনা ও সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহিদুল আলম, সিইউজের সিনিয়র সহ সভাপতি অনিন্দ্য টিটো, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুসহ চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা সচিবালয়ের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। রোজিনা ইসলামের হাতে হাতকড়া মানে সংবাদ মাধ্যমকে শিকল পরানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমবান্ধব। তাঁরা গণমাধ্যমকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু অসাধু সরকারি কর্মকর্তায় যথেষ্ট। প্রশাসনের অভ্যন্তরে থাকা অতি-উৎসাহী কিছু কর্মকর্তার রোষানলে পড়েছে সাংবাদিকরা। তাদের লুটপাটের তথ্য যখন আমরা সংগ্রহ করতে যায়, তখন নানাভাবে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে হেনস্তা হয়েছে, তা সারা দেশ দেখেছে।

রোজিনা ইসলামের মুক্তি চেয়ে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নেতারা বলেন,  রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, করোনাকালে রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের অনিয়ম-দুর্নীতি নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। ১৭ মে সোমবার তিনি সচিবালয়ে তথ্য সংগ্রহে গেলে তাকে প্রায় ছয়ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়, পরে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।রোজিনার জামিন আবেদন বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে একইদিন এ ঘটনার প্রতিবাদে ঢাকায় কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্যবিভাগের সংবাদ সম্মেলন বয়কট করেছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework