সন্ধান মিলেনি সাংবাদিক গোলাম সরওয়ারের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ অক্টোবর ৩০, ১০:৩০ পূর্বাহ্ন
সিইউজে সদস্য ও সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ার ৩০ ঘন্টায়ও  উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। তাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সিইউজে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ হওয়ার ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও আইনশৃংখলা রক্ষাকারী  বাহিনী এখনও তাকে উদ্ধার করতে পারেনি। এ অবস্থায় গোলাম সরওয়ারের  পরিবার এবং সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে তাকে  উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানানো হয় সভা থেকে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত  হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় বেটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাংবাদিক গোলাম সরওয়ার। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জরুরী সভায় উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এস এম  ইফতেখারুল ইসলাম,  প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ মহররম হোসাইন, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম ও পূর্বদেশ ইউনিটের সাইমুন চুমুক। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ হয়েছেন জানিয়ে তার সহকর্মী জুবায়ের সিদ্দিকী একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework