ডা. শাহাদাতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ৩১, ১২:২০ অপরাহ্ন
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চাঁদা দাবির মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দেন। ডা. শাহাদাত হোসেনের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক জানান, চকবাজার থানায় চাঁদা দাবি ও অপহরণের অভিযোগে করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ডা. শাহাদাত হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। অন্য দুই মামলায় রিমান্ড আবেদন করা হয়নি। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হলে আদালত ডা. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয় ডা. শাহাদাত হোসেনকে। ডা. শাহাদাতের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির মামলা করেন নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ও নারী নেত্রী লুসি খান। এছাড়া নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework