নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ অক্টোবর ০৭, ০৮:১৬ পূর্বাহ্ন
সিলেটের এমসি কলেজ কিংবা নোয়াখালীর বেগমগঞ্জ সবদিক থেকেই নারীর হাহাকার ভেসে আসছে। মানুষরূপী কিছু পশুর হিংস্রতায় প্রতিনিয়ত শোনা যাচ্ছে নারীর প্রতি সহিংসতার খবর। দেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ধর্ষণ, নির্যাতন। নারীরা যেন কোথাও নিরাপদ নয়। সাম্প্রতি কয়েকটা ঘটনা সাধারণ মানুষের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার প্রতিবাদ হচ্ছে। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সর্ব সাধারণের প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। এবার সেই প্রতিবাদে শামিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথমে কেবল সাকিব আল হাসানকে এই ব্যাপারে প্রতিবাদ করতে দেখা গেলেও পরবর্তীতে এই প্রতিবাদে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার এবং তাসকিন আহমেদও। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে মুশফিক-রিয়াদরা এই প্রতিবাদে অংশ নিয়েছেন। সেখানে নির্যাতনকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং তাদের রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন ক্রিকেটাররা। এর আগে সাকিব আল হাসানও সবাইকে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো সাকিবের পোস্টটি- চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।' এবার একইভাবে প্রতিবাদ জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। একের পর এক ঘটা ধর্ষনের পর আর চুপ করে থাকা যায় না বলে জানান তিনি। দেশের মানুষকে এর বিরুদ্ধে সরব হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুশফিক দেশের মানুষের উদ্দেশে লিখেছেন, 'আমরা ধর্ষণের বিরুদ্ধে আর চুপ থাকতে পারি না। ধর্ষণ অথবা যেকোনো রকমের যৌন হয়রানি আর মেনে নেয়া যাবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে উঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলো। না মানে না।' সৌম্য সরকার লেখেন, 'কোনো নারীকেই আর নির্যাতন শিকার হতে দেওয়া যাবে না। নারীদের আর একা ভাবতে দেওয়া যাবে না। নারী নির্যাতকদের কোনো ক্ষমা নেই।' এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদরাও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলেছেন। উল্লেখ্য, সিলেটের এমসি কলেজের সামনে তরুণী ধর্ষণের ঘটনার কদিন পরই নোয়াখালির বেগমগঞ্জে নারীর প্রতি সহিংসতার এক ঘটনা জানাজানি হলে বিষয়টি নাড়িয়ে দিয়েছে সবাইকে। গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে ১৪/১৫ জন যুবকের একটি দল দরজা ভেঙে ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন করেন এক নারীকে। পরে ফেসবুকে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework