শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা বিকেলে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ সেপ্টেম্বর ০৫, ০৮:৪১ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হবে।  

মন্ত্রিপরিষদ বিভাগে এ সভায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এবং তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সভয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও সংশ্লিষ্টরা অংশ নেবেন।

এ সভাতেই শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে, কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের আনা হবে, মাস্ক না ফেসশিল্ড পরবে- এসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ও ১৩ সেপ্টেম্বর থেকে মেডিক্যাল কলেজ খুলে দেওয়া হবে।

তবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী।  

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, একদিন ষষ্ঠ, একদিন সপ্তম এভাবে ক্লাস নেওয়া হবে।

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এর আগে ২৬ আগস্ট অনলাইনে একটি যৌথসভা করা হয়।

ওই সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবিরসহ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও  গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিরা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework